নিউইয়র্কে ২ বছর বয়সী শিশুদের জন্য ফ্রি ‘২-কেয়ার’ ডে কেয়ার চালু, প্রথম ধাপে সুবিধা পাবে ২ হাজার শিশু
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিউইয়র্ক সিটিতে শিশুদের প্রাথমিক শিক্ষা ও কর্মজীবী পরিবারগুলোর আর্থিক সহায়তা নিশ্চিত করতে নতুন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ঘোষণা করা হয়েছে। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল ঘোষণা দিয়েছেন, আগামী ফল সিজন থেকে দুই বছর বয়সী শিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে “২-কেয়ার” (2-Care) ডে কেয়ার প্রোগ্রাম চালু করা হবে।
শহর কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা, সামাজিক দক্ষতা, ভাষা বিকাশ এবং মানসিক উন্নয়নে সহায়তা করা। একই সঙ্গে কর্মজীবী পরিবারগুলোর ওপর শিশু পরিচর্যার ব্যয় কমিয়ে তাদের আর্থিক চাপ হ্রাস করা এবং শহরের অর্থনীতিকে আরও শক্তিশালী করা।
এই উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি মেয়র মামদানি, গভর্নর হোকুল এবং নিউইয়র্ক সিটি স্কুল চ্যান্সেলর কামার স্যামুয়েলস ম্যানহাটনের সুগার হিল চিলড্রেনস মিউজিয়াম অব আর্ট অ্যান্ড স্টোরিটেলিং পরিদর্শন করেন। প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে নতুন ২-কেয়ার প্রোগ্রামের আওতায় শিশু পরিচর্যা ও শিক্ষাসেবা প্রদানকারী কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়েছে।
প্রথম ধাপে নিউইয়র্ক সিটির চারটি গুরুত্বপূর্ণ এলাকায় প্রায় ২ হাজার শিশুর জন্য আসন নির্ধারণ করা হয়েছে। এলাকাগুলো হলো ম্যানহাটনের ওয়াশিংটন হাইটস ও ইনউড, ব্রঙ্কসের ফোর্ডহ্যাম ও কিংসব্রিজ, ব্রুকলিনের ক্যানার্সি, ব্রাউনসভিল ও ওশান হিল, এবং কুইন্সের ওজোন পার্ক ও রকওয়েজ। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, এসব এলাকায় অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবার বেশি এবং শিশু পরিচর্যার প্রয়োজন তুলনামূলকভাবে বেশি হওয়ায় সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
গভর্নর ক্যাথি হোকুল বলেন, নিউইয়র্ক রাজ্যের ইতিহাসে এই প্রথম দুই বছর বয়সী শিশুদের জন্য এমন একটি বৃহৎ আকারের বিনামূল্যের ডে কেয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি জানান, প্রথম ধাপে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ সম্পূর্ণভাবে নিশ্চিত করা হয়েছে। আগামী বছর এই প্রোগ্রাম ১২ হাজার শিশুর মধ্যে সম্প্রসারিত হবে এবং পরিকল্পনা অনুযায়ী চতুর্থ বছরের মধ্যে নিউইয়র্ক সিটির সব দুই বছর বয়সী শিশু এই সুবিধার আওতায় আসবে।
মেয়র জোহরান মামদানি জানান, নির্বাচিত এলাকাগুলো বাছাইয়ের দুটি প্রধান কারণ রয়েছে—এসব এলাকায় শিশু পরিচর্যা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো দ্রুত সেবা শুরু করার জন্য প্রস্তুত ছিল এবং এসব এলাকায় পরিবারগুলোর অর্থনৈতিক প্রয়োজন বেশি। তিনি আরও বলেন, প্রথম ধাপে স্ট্যাটেন আইল্যান্ড অন্তর্ভুক্ত না হলেও আগামী বছর থেকে সেখানে প্রোগ্রামটি চালু করা হবে।
শহর কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রোগ্রামের ভর্তি কার্যক্রম আগামী গ্রীষ্মে শুরু হবে। তবে কোন পদ্ধতিতে শিশু নির্বাচন করা হবে তা এখনো নির্ধারণ করা হয়নি।
শিক্ষাবিদরা বলছেন, দুই বছর বয়স থেকেই মানসম্মত শিক্ষামূলক পরিবেশ পেলে শিশুদের ভাষা দক্ষতা, মনোযোগ, সামাজিক আচরণ এবং সৃজনশীল চিন্তাভাবনা দ্রুত বিকাশ লাভ করে। এই প্রোগ্রামের মাধ্যমে শিশুদের মধ্যে শৃঙ্খলা, দলবদ্ধ কাজের দক্ষতা, সহমর্মিতা এবং সৃজনশীল চিন্তাভাবনার বিকাশ ঘটবে বলে আশা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, নিউইয়র্ক সিটিতে শিশু পরিচর্যার ব্যয় অত্যন্ত বেশি হওয়ায় অনেক পরিবার কর্মজীবনে বাধার মুখে পড়ে। এই প্রোগ্রাম চালু হলে অভিভাবকেরা নিশ্চিন্তে কর্মক্ষেত্রে মনোযোগ দিতে পারবেন, ফলে পরিবারগুলোর আয় স্থিতিশীল হবে এবং শহরের অর্থনৈতিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।
মেয়র মামদানি বলেন, শহরের প্রতিটি শিশু যেন সমান সুযোগ পায় সেটাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ২-কেয়ার প্রোগ্রাম ভবিষ্যতের জন্য নিউইয়র্কের শিক্ষাব্যবস্থাকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাবে। সূত্র: প্রথম আলো ।


















