বাংলাদেশ সোসাইটি ইনক এর ইফতার ও দোয়া মাহফিলে মিলনমেলা: দীর্ঘ বছরের অপেক্ষা শেষে প্রথমবার সরকারি অনুদান
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ সোসাইটি ইনক এর উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল গত ১মার্চ ২০২৬ রবিবার বিকেল ৪টায় কুইন্সের জয়া হলে সুষ্ঠু ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিপুল উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর শিশু-কিশোরদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে পুরস্কৃত করা হয়। রমজানের তাৎপর্য তুলে ধরে সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শহীদুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম এবং স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। তারা উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং ইফতার ও দোয়া মাহফিলের আহ্বায়ক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পৃথিবীর শান্তি ও উপস্থিত সকলের পরিবারের সুস্থতা কামনা করা হয়।
এদিকে, একই ধারাবাহিকতায় নিউইয়র্কের আরও তিন বরোতে ইফতার আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। ব্রংক্সে ১১ মার্চ Golden Palace-এ, জ্যামাইকা (কুইন্স)-এ ৯ মার্চ Ikra Party Hall-এ এবং ব্রুকলিনে ১৩ মার্চ Radhuni Restaurant-এ পৃথক ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত রাখতে এবং কমিউনিটির বন্ধন সুদৃঢ় করতে এই আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল দীর্ঘ বছরের অপেক্ষার অবসান। প্রথমবারের মতো সরকারি অনুদান পেয়েছে নিউইয়র্কভিত্তিক প্রবাসীদের আমব্রেলা সংগঠন Bangladesh Society, Inc.। নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি থেকে ২০ হাজার ডলারের অনুদান চেক গ্রহণের মধ্য দিয়ে সংগঠনটির জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
রবিবার (১ মার্চ) আয়োজিত এই অনুষ্ঠানে কুইন্স থেকে নির্বাচিত স্টেট অ্যাসেম্বলিমেম্বার Jennifer Rajkumar আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেন। তিনি টানা ছয় বছর ধরে অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৩৮ থেকে নির্বাচিত হয়ে আসছেন। তাঁর নির্বাচনি এলাকায় ওজোন পার্ক, উডহ্যাভেন বুলেভার্ড ও রিচমন্ড হিলসহ বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন এলাকা অন্তর্ভুক্ত।
চেক হস্তান্তর অনুষ্ঠানে জেনিফার রাজকুমার বলেন, নিউইয়র্ক সিটিতে বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন হিসেবে বাংলাদেশ সোসাইটি দীর্ঘদিন ধরে কমিউনিটির কল্যাণে কাজ করে আসছে। সংগঠনের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই প্রথমবারের মতো স্টেট অ্যাসেম্বলি থেকে এই অনুদান সংগ্রহ করা সম্ভব হয়েছে। তিনি ভবিষ্যতেও কমিউনিটির উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট সিনেটের সদস্য John Liu প্রবাসী বাংলাদেশিদের মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং কমিউনিটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট-লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী জেনিফার রাজকুমার ও জন ল্যু-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বক্তব্য রাখেন সোসাইটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান শাহনেওয়াজ, শামসুল হক, দোয়া ও ইফতার মাহফিল উপ-কমিটির আহ্বায়ক মোঃ কামরুজ্জামান কামরুল ও সদস্য সচিব অনিক রাজ প্রমুখ।
বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট ও কমিউনিটি লিডার Fauma সিইও ফাহাদ সোলায়মান, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ও Empiar Care Agency-এর সিইও নুরুল আজিম, কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ এ. খালেক, নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ার Kr Shera-এর ভাইস প্রেসিডেন্ট রেজওয়ানা রাজ্জাক (শেতু), Gree Mechanical Yonkers-এর প্রেসিডেন্ট তোফায়েল চৌধুরী, Exit Realty Prime-এর এজেন্ট সারোয়ার খান বাবু, মির্জা মোহাম্মদ হোসেন, মোহাম্মদ সেলিম রেজা এবং বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক কাজল মাহমুদ সহ সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ ।
দোয়া ও ইফতার মাহফিল সফল করতে মোঃ কামরুজ্জামান কামরুলকে আহ্বায়ক, মোহাম্মদ হাসান জিলানীকে যুগ্ম আহ্বায়ক, অনিক রাজকে সদস্য সচিব, আবুল কাশেম চৌধুরীকে যুগ্ম সদস্য সচিব, ডিউক খানকে প্রধান সমন্বয়কারী এবং হাসান খানকে সমন্বয়কারী করে একটি উপ-কমিটি গঠন করা হয় । এবং সংগঠনের প্রচার ও গনসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ অনুষ্ঠানের প্রচার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেন ।
অনুষ্ঠানে সোসাইটির কর্মকর্তা, ট্রাস্টিবোর্ডের সদস্য, প্রাক্তন ও সাবেক কর্মকর্তা এবং সুধীজনদের পরিচয় তুলে ধরা হয়। সর্বস্তরের প্রবাসীদের বিপুল সমাগমে ইফতার ও দোয়া মাহফিলটি হয়ে ওঠে এক সৌহার্দ্য, ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত।


















