Logo

ইউএসএ নিউজ    >>   নিউইয়র্ক সিটির প্রথম ‘রেন্টাল রিপঅফ হিয়ারিং’ শুরু হচ্ছে পাঁচ বরোতে

নিউইয়র্ক সিটির প্রথম ‘রেন্টাল রিপঅফ হিয়ারিং’ শুরু হচ্ছে পাঁচ বরোতে

নিউইয়র্ক সিটির প্রথম ‘রেন্টাল রিপঅফ হিয়ারিং’ শুরু হচ্ছে পাঁচ বরোতে

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি শহরের ইতিহাসে প্রথমবারের মতো “রেন্টাল রিপঅফ হিয়ারিং” আয়োজনের ঘোষণা দিয়েছেন। এক্সিকিউটিভ অর্ডার ০৮ অনুযায়ী আয়োজিত এ উদ্যোগের আওতায় শহরের পাঁচটি বরোতে পাঁচটি গণশুনানি অনুষ্ঠিত হবে, যেখানে ভাড়াটিয়ারা তাদের ভাড়া বাসা সংক্রান্ত ভোগান্তি ও অভিযোগ সরাসরি সিটি প্রশাসনের কাছে তুলে ধরতে পারবেন।

যা জানা জরুরি?

* ভাড়াটিয়ারা অনিরাপদ ভবন পরিস্থিতি, লুকানো ফি, হঠাৎ অতিরিক্ত চার্জসহ বিভিন্ন অনিয়মের অভিজ্ঞতা তুলে ধরতে পারবেন।

* শুনানি শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে সিটি প্রশাসন ভাড়াটিয়াদের সুরক্ষা ও অসাধু বাড়িওয়ালাদের জবাবদিহির আওতায় আনতে একটি পরিকল্পনা প্রকাশ করবে।

মেয়র জোহরান মামদানি বলেন, “ভাড়াটিয়াদের কথা না শুনে তাদের জন্য লড়াই করা যায় না। তাই আমরা পাঁচ বরোতেই রেন্টাল রিপঅফ হিয়ারিং শুরু করছি—যেখানে লুকানো ফি থেকে শুরু করে ভাঙা টাইলস ও দায়িত্বহীন বাড়িওয়ালাদের বিষয়ে সরাসরি কথা বলার সুযোগ থাকবে। এখানে দেওয়া সাক্ষ্য শুধু আশ্বাসে সীমাবদ্ধ থাকবে না; বরং ভবিষ্যৎ নীতিনির্ধারণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ডেপুটি মেয়র (হাউজিং ও প্ল্যানিং) লেইলা বোজর্গ জানান, এই শুনানির মাধ্যমে ভাড়াটিয়াদের অভিজ্ঞতা সরাসরি নীতিমালায় প্রতিফলিত হবে। তিনি বলেন, “প্রতিটি বরো থেকে আমরা শুনতে চাই—লুকানো ফি থেকে কোড প্রয়োগে ব্যর্থতা পর্যন্ত নানা সমস্যার কথা।”

মেয়রের টেন্যান্ট সুরক্ষা দপ্তরের পরিচালক সিয়া উইভার বলেন, “অসংখ্য ভাড়াটিয়া হঠাৎ চার্জ ও অনিরাপদ পরিবেশে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। এই শুনানি নীতিনির্ধারকদের জন্য ঐতিহাসিক সুযোগ।”

হাউজিং প্রিজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট কমিশনার ডিনা লেভি জানান, এই প্রক্রিয়াকে গুরুত্ব সহকারে নেওয়া হবে এবং কার্যকর নীতিমালা তৈরিতে এটি সহায়ক হবে।

কনজিউমার অ্যান্ড ওয়ার্কার প্রোটেকশন কমিশনার স্যাম লেভিন বলেন, “ব্রোকার ফি, লুকানো চার্জসহ নানা শোষণমূলক চর্চা কর্মজীবী নিউইয়র্কবাসীদের ক্ষতিগ্রস্ত করছে। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই শুনানি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

বিল্ডিংস কমিশনার আহমেদ তিগানি বলেন, ভবন নিরাপত্তা নিশ্চিত করা ও সম্পত্তি মালিকদের জবাবদিহির আওতায় আনার ক্ষেত্রে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

শুনানির সময়সূচি

* ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), বিকাল ৫:৩০–৮:৩০ — ডাউনটাউন ব্রুকলিন

* ৫ মার্চ (বৃহস্পতিবার), বিকাল ৫:৩০–৮:৩০ — লং আইল্যান্ড সিটি, কুইন্স

* ১১ মার্চ (বুধবার), বিকাল ৫:৩০–৮:৩০ — ফোর্ডহ্যাম, ব্রঙ্কস

* ২৮ মার্চ (শনিবার), সকাল ১১টা–বিকাল ৫টা — ইস্ট হার্লেম, ম্যানহাটন

* ৭ এপ্রিল (মঙ্গলবার), বিকাল ৫:৩০–৮:৩০ — নর্থ শোর, স্ট্যাটেন আইল্যান্ড

নিউইয়র্কবাসীরা সরাসরি অংশগ্রহণের জন্য nyc.gov/RentalRipoff ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন। যারা উপস্থিত থাকতে পারবেন না, তারা RentalRipoff@cityhall.nyc.gov ইমেইলে তাদের সাক্ষ্য পাঠাতে পারবেন। এবং মিডিয়া কন্ট্যাকের জন্য ভিজিট করতে পারবেন pressoffice@cityhall.nyc.gov লিংকে ক্লিক করে।

চূড়ান্ত শুনানি শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে মামদানি প্রশাসন একটি প্রতিবেদন প্রকাশ করবে, যেখানে ভাড়াটিয়াদের অভিযোগের ভিত্তিতে নীতিগত পদক্ষেপের প্রস্তাব থাকবে। এই মতামত আসন্ন সিটি হাউজিং পরিকল্পনায়ও অন্তর্ভুক্ত। সূত্র: nyc.gov