নিউইয়র্কে ‘বাংলা বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা উদযাপন পরিষদ’-এর ১০৭ সদস্যের কার্যকরী কমিটি গঠন
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
গত ১৭ জানুয়ারি নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলা বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা উদযাপন পরিষদ’-এর কার্যকরী কমিটির গুরুত্বপূর্ণ সভা। সভায় সর্বসম্মতিক্রমে বর্ষীয়ান সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্লাহকে আহ্বায়ক এবং বিশিষ্ট রাজনীতিক মুজাহিদ আনসারীকে সদস্য সচিব করে ১০৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা বলেন, প্রবাসে বাংলা সংস্কৃতি, অসাম্প্রদায়িক চেতনা ও জাতিসত্তার ঐক্য ধরে রাখতে বাংলা নববর্ষ উদযাপন ও মঙ্গল শোভাযাত্রা একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আন্দোলনে পরিণত হয়েছে। নতুন এই কমিটি নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় বাংলা বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রাকে আরও সংগঠিত, অন্তর্ভুক্তিমূলক ও বৃহৎ পরিসরে উদযাপনের লক্ষ্যে কাজ করবে।
এছাড়া সভায় সাংগঠনিক কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার জন্য সাতটি উপ-পরিষদ গঠন করা হয়। এসব উপ-পরিষদের মাধ্যমে পরিকল্পনা, অর্থায়ন, সাংস্কৃতিক কার্যক্রম, প্রচার-প্রচারণা ও স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা জোরদার করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
নবগঠিত নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই পরিষদের উদ্যোগে নিউইয়র্কে বাংলা নববর্ষ ও মঙ্গল শোভাযাত্রা আগামী দিনে আরও ব্যাপক, বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ রূপ লাভ করবে।


















